![]()
পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১২১ দিন বাকি। জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হতে পারে। আগামী ১২ অক্টোবর সোমবার হিজরি জমাদিউল আউয়াল মাস শুরু হলে রমজানের আগে বাকি থাকবে আর মাত্র চারটি চন্দ্র মাস।
সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম গালফ নিউজ।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হয়েছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ১২ অক্টোবর সোমবার জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে। তবে ধর্মীয় রীতি অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ভিত্তিতেই রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
![]()
পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সে হিসাবে আগামী বছরের ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। আল জারওয়ান উল্লেখ করেন, ইসলামি হিজরি বর্ষপঞ্জির অন্যতম বৈশিষ্ট্য হলো, বিশেষ কোনো যন্ত্রপাতি বা জটিল গাণিতিক হিসাব ছাড়াই স্বাভাবিকভাবে চাঁদের রূপ পরিবর্তনের মাধ্যমে মাস গণনা করা যায়।
এদিকে, জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা নিয়ে ভিন্ন বিশ্লেষণ দিয়েছে শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, রোববার সূর্যাস্তের পর সাধারণ টেলিস্কোপ কিংবা খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা ক্ষীণ। তবে সূর্যাস্তের আগে উন্নত অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তির সাহায্যে চাঁদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হতে পারে।
শারজাহ সেন্টারের তথ্য অনুযায়ী, যেসব দেশ বা অঞ্চল ইসলামি মাস নির্ধারণে জ্যোতির্বৈজ্ঞানিক গণনাকে প্রাধান্য দেয়, সেসব স্থানে ১২ অক্টোবর সোমবার থেকে নতুন মাস গণনা শুরু হবে। অন্যদিকে, যেসব দেশ সূর্যাস্তের পর খালি চোখে অথবা সাধারণ অপটিক্যাল টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা বাধ্যতামূলক মনে করে, সেসব স্থানে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে ১৩ অক্টোবর মঙ্গলবার থেকে।
সংস্থাটি জানিয়েছে, শনিবার রাতে স্থানীয় সময় ৮টা ৪৭ মিনিটে শারজাহ অঞ্চলে চাঁদের কেন্দ্রিক সংযোগ সম্পন্ন হয়েছে।









