বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, শ্রীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, শ্রীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, শ্রীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ
মুক্তিবাণী অনলাইন ডেক্স

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, শ্রীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভের একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিক মোজাম্মেল ও তরিকুল আলী আজম জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তাঁরা আবারও আন্দোলনে নামেন। তাঁদের অভিযোগ, বুধবার (১৪ অক্টোবর) বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ না করে কর্তৃপক্ষ টালবাহানা করে। বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

এর জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করা এবং বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। তবে শ্রমিকরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে অবরোধ ও বিক্ষোভ চালিয়ে যান। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ পেছনে সরে গিয়ে অবরোধে অংশ নেওয়া শ্রমিকদের সামনে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁরা অনুরোধে সাড়া না দিয়ে অবরোধ অব্যাহত রাখেন। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলে জানান তিনি।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও