![]()
সৌদি আরবের মদিনা ও পূর্বাঞ্চলের দিকে ছোড়া চারটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার (২১ অক্টোবর) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এ তথ্য জানান। খবর আল জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল মালিকি বলেন, ‘সৌদির দিকে লক্ষ্য করে ছোড়া ৪টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’ পৃথক আরেকটি পোস্টে তিনি জানান, সৌদি আরবের মদিনা ও পূর্বাঞ্চলে ড্রোনগুলো ভূপাতিত করা হয়।
তবে ড্রোনগুলো কোথা থেকে ছোড়া হয়েছিল কিংবা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সৌদি আরবের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটির সংঘাত তীব্র হওয়ার পাশাপাশি এসব হামলার সংখ্যাও বেড়েছে।
মদিনা ইসলামের অন্যতম পবিত্র শহর। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক ও মসজিদে নববী এ শহরেই অবস্থিত। মক্কার পাশাপাশি মুসলিমদের কাছে মদিনারও বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে।
এর আগে মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের বাকি আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করেছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে দেশটির তেল স্থাপনাগুলো থেকে কর্মী ও সাধারণ নাগরিকদের দূরে থাকার সতর্কবার্তা দিয়েছিল গোষ্ঠীটি।
হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে সামরিক সূত্রের বরাতে বলা হয়, ‘মক্কা ও মদিনা ছাড়া সৌদি আকাশসীমা অনিরাপদ।’ সতর্কবার্তা উপেক্ষা করলে সংশ্লিষ্টদের কোনো অজুহাত গ্রহণ করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সূত্রটি।
সূত্র : আল জাজিরা









