![]()
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় জসিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।
বুধবার এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা তিন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের তিনটি লাগেজ চুরির বিষয়টি এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের নজরে আসে।
![]()
পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওমান থেকে আসা ওই ফ্লাইটের যাত্রী জসিমকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে শনাক্ত করা হয়।
এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে শনাক্ত হওয়া যাত্রী জসিমের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিমানবন্দর থানায় মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চুরি হওয়া তিনটি লাগেজে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানবন্দর থানা ও কচুয়া থানার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে অভিযান চালায় এয়ারপোর্ট (১৩) এপিবিএন। অভিযানে চাঁদপুরের কচুয়া থেকে মামলার আসামি জসিমকে গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। আসামি জসিম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।









