![]()
চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে আটক করেছে তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারতে যাওয়ার জন্য তামাবিল স্থলবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাঁর ভ্রমণসংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করতে গিয়ে তাঁকে আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, কামাল আহমেদ মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ইমিগ্রেশন ডেস্কে তাঁর পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের সময় সার্ভারে পাসপোর্টটি ব্লক (ব্ল্যাকলিস্টেড) দেখতে পান দায়িত্বরত কর্মকর্তারা। এ কারণে ইমিগ্রেশন প্রক্রিয়া স্থগিত করে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
আটক নেতার স্বজনদের দাবি, বৈধ ও হালনাগাদ পাসপোর্ট দেখেই ভারতীয় হাইকমিশন তাঁকে ভিসা দিয়েছে। সেই ভিসা অনুযায়ী, ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে জরুরি চিকিৎসা নিতে যাচ্ছিলেন তিনি।
ইমিগ্রেশন পুলিশ জানায়, তাঁর পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা ও ভিসাসংক্রান্ত জটিলতার বিষয়টি আরও যাচাই-বাছাইয়ের জন্য জৈন্তাপুর মডেল থানার মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক কামাল চেয়ারম্যানকে পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত নথিপত্র চূড়ান্ত যাচাই-বাছাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।









