মৃত বাবার ঋণ শোধ করে দাফনের প্রস্তুতি, শিশুর ভিডিও ভাইরাল

মৃত বাবার ঋণ শোধ করে দাফনের প্রস্তুতি, শিশুর ভিডিও ভাইরাল
মৃত বাবার ঋণ শোধ করে দাফনের প্রস্তুতি, শিশুর ভিডিও ভাইরাল
মুক্তিবাণী অনলাইন ডেক্স

মৃত বাবার ঋণ শোধ করে দাফনের প্রস্তুতি, শিশুর ভিডিও ভাইরাল

দাফনের আগে মৃত বাবার মরদেহ সামনে রেখে শিশুসন্তানের ঋণ শোধের হৃদয়স্পর্শী একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বাবার লাশ সামনে রেখে তাঁর কাছে পাওনা থাকা ব্যক্তিদের টাকা পরিশোধ করছেন শিশুসন্তান। একই সঙ্গে বাবার কোনো ঋণ বা দাবি বাকি থাকলে তা জানিয়ে দেওয়ার জন্য উপস্থিত লোকজনের প্রতি অনুরোধ জানানো হয়।

উম্মে হুমায়রা কানিজ ফাতেমা নামে এক কনটেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গত ১০ সেপ্টেম্বর ভিডিওটি প্রকাশ করা হয়। প্রায় তিন সপ্তাহ আগে ধারণ করা ভিডিওটিতে তিনি জানান, আলী আকবার নামে ওই ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। প্রায় আট মাস ধরে তাঁর খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর জন্য একটি ঘরও করে দেওয়া হয়েছিল। পরে অসুস্থ অবস্থায় তিনি মারা যান।

ভিডিওতে ওই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আমি এভাবে আসলে কখনো ভিডিও নিতে হবে, আমি ভাবি নাই; আমার গা কাঁপছে। এই যে, আমার পাশে দেখছেন একটি বাচ্চা; এর বাবা দীর্ঘদিন অসুস্থ ছিল। তো আমার আট মাস প্রায় আমি দেখেছি, একটি ঘরও করে দিয়েছি; তো আল্লাহর ডাকে উনি (আলী আকবর) গতকাল রাতে মারা গেছেন।’

তিনি বলেন, ‘আজ দুই ঘণ্টা আগে আমি আসি উনার দাফন-কাফনের ব্যবস্থা করার জন্য। আসার পরে শুনি, উনার কাছে ধার পাবে প্রায় ৬০ হাজার টাকা। এই দুই ঘণ্টার মধ্যে ৬০ হাজার টাকা জোগাড় করতে না পারলেও আমি ৫০ হাজার টাকা জোগাড় করে লাশ সামনে রেখে তার এতিম শিশুর হাতে তুলে দিব ধারের টাকাটা।’

এ সময় পাশে থাকা একজন হুজুরকে ডেকে মৃত ব্যক্তির লাশ সামনে রেখে ঋণ পরিশোধের এমন ঘটনা আগে দেখেছেন কি না জানতে চান তিনি। জবাবে হুজুর বলেন, ‘না আমি তো দেখি নাই। এমনি আমরা জানাজার মাঠে যেয়ে প্রকাশ করে দিতাম। উনার কাছে কেউ কর্জ-ধার পাই কিনা? তো এটা ওরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতো। তারপর ওরা লেনদেন ক্লিয়ার করতো।’

ভিডিওতে মৃত আলী আকবারের শিশুসন্তানকে বাবার ঋণ পরিশোধের কথা বলতে দেখা যায়। কনটেন্ট ক্রিয়েটর তাঁর হাতে কিছু টাকা দিলে শিশুটি তা হুজুরের কাছে তুলে দিয়ে বলে, ‘আমার বাবা কবরে যাওয়ার আগে আমি সব টাকা শোধ করে দিছি। আমার বাবাকে সবাই মাফ করে দেন।’

এরপর একে একে পাওনাদারদের কাছে পাওনা টাকার পরিমাণ জানতে চাওয়া হয়। একজনের পাওনা ২৫ হাজার টাকা, আরেকজনের ১০ হাজার টাকা এবং আরেকজনের পাওনা ১২ হাজার ৯৬৮ টাকা বলে জানানো হয়। ওই কনটেন্ট ক্রিয়েটর একজনের ১২ হাজার ৯৬৮ টাকা পাওনার মধ্যে ১০ হাজার টাকা বিকাশে পরিশোধ করে বাকি ২ হাজার টাকা মাফ করে দেওয়ার কথাও জানান।

পরে ওই কনটেন্ট ক্রিয়েটর জানান, উপস্থিত লোকজনের সামনে চারজনের ধার পরিশোধ করা হয়েছে। এর মধ্যে একজনের ২৫ হাজার, একজনের ১০ হাজার, একজনের ২ হাজার এবং আরেকজনের ১০ হাজার টাকা রয়েছে বলে তিনি জানান। তবে মৃত ব্যক্তির দোকানে আরও কিছু পাওনা থাকার কথা এক ব্যক্তি জানান।

সবশেষে মৃত ব্যক্তির সন্তানরা উপস্থিত সবার কাছে বাবার কোনো ভুল বা ক্ষতি হয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন। এ সময় মৃত ব্যক্তির মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা কারও ক্ষতি করে থাকলে, আপনারা মাফ করে দিয়েন। আমার বাবা আর কোনদিন আপনাদের থেকে মাফ চাইতে পারবে না। আমরা লাশ সামনে রেখে রেখে ধার শোধ করে দিছি। আপনারা সবাই মাফ করে দিবেন।’

মরদেহ সামনে রেখে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ এবং সন্তানদের কান্নাজড়িত বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভিডিওটি নিজের ফেসবুক পেজেও শেয়ার করেন উম্মে হুমায়রা কানিজ ফাতেমা।

ওই পোস্টে আজিজুর রহমান নামে একজন মন্তব্য করেন, ‘জঙ্গলের পশুগুলো আমাদের থেকে ভালো আছে। টাকাই সবকিছুর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এই এলাকার সমাজের মনে হয় কোনো মানুষ নাই।’ তবে কনটেন্ট ক্রিয়েটরের প্রশংসা করে তিনি বলেন, ‘বোন আপনি যেভাবে ওই বাচ্চাগুলোর পাশে দাঁড়িয়েছেন মহান রাব্বুল আলামিন যেন আপনার মঙ্গল করেন।’

মো. শফিকুল ইসলাম নামে একজন লেখেন, ‘জীবনে অনেক ভিডিও করছি এবং অনেক ভিডিও দেখছি; কিন্তু এমন ভিডিও আমি কখনোই দেখিনি।’ আনিসুর রহমান লেখেন, ‘আহারে! টাকা দিয়ে মানুষ কবরে যাবে।’

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও