![]()
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির একটি ছবি ঘিরে অনলাইনে তৈরি হয়েছে আলোচনা। নিউইয়র্কের একটি অনুষ্ঠানে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গেল ‘চাচ্চু’ সিনেমার এই দুই সহশিল্পীকে।
পরিচালক এফ আই মানিকের ২০০৬ সালের ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা ‘চাচ্চু’তে একসঙ্গে অভিনয় করেছিলেন শাকিব খান ও দীঘি। ওই চলচ্চিত্রে শাকিব খানের ভাইয়ের মেয়ে জুঁই চরিত্রে অভিনয় করে শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান দীঘি। সিনেমাটিতে ডিপজলকেও একই ভূমিকায় দেখা গিয়েছিল। শাকিব খান, অপু বিশ্বাস ও ডিপজলের ক্যারিয়ারেও চলচ্চিত্রটির বিশেষ অবস্থান রয়েছে।
![]()
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১০ অক্টোবর অনুষ্ঠিত হয় ঢালিউড অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন শাকিব খান ও দীঘি। সেখানেই তাদের এই অপ্রত্যাশিত সাক্ষাৎ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির প্রকাশ করা ছবিতে দেখা যায়, কালো শার্ট ও ব্লেজারের সঙ্গে চোখে সানগ্লাস পরে আছেন শাকিব খান। অন্যদিকে দীঘির পরনে ছিল নীল ও সোনালি নকশার পোশাক। ছবিটি প্রকাশ করে ক্যাপশনে শাকিব খানকে ‘মেগাস্টার’ হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।
ছবিটি প্রকাশের পর থেকেই ভক্তদের নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক ঘণ্টা পেরোতেই পোস্টটিতে পাঁচ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় আড়াইশ মন্তব্য জমা পড়ে। নেটিজেনদের কেউ মন্তব্য করেছেন, চাচার সঙ্গে নিউইয়র্ক ঘুরতে গেছেন দীঘি। কেউ আবার পর্দায় তাদের জুটি হিসেবে দেখার আবদার জানিয়েছেন। অনেকেই দুজনকে একসঙ্গে সুন্দর লাগছে বলেও মত প্রকাশ করেছেন।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে বেশ সফল ছিলেন দীঘি। শূন্য দশকের বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি, যার বেশির ভাগেরই প্রধান অভিনেতা ছিলেন শাকিব খান। ‘চাচ্চু’ ছাড়াও ‘দাদীমা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘১ টাকার বউ’ এবং ‘তোর কারণে বেঁচে আছি’র মতো জনপ্রিয় চলচ্চিত্রে তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে।









