বিয়ের পর পড়াশোনায় বিরতি, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ–৫ পেলেন রীতি

জয়পুরহাট প্রতিনিধি :

বিয়ের পর পড়াশোনায় বিরতি, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ–৫ পেলেন রীতি

বিয়ের পর সংসারজীবনে ব্যস্ত হয়ে পড়ায় পড়াশোনায় ছেদ পড়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গৃহবধূ রীতি খাতুনের (৩০)। তবে লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছা কখনো হারাননি তিনি। স্বামীর উৎসাহে এসএসসি পাসের ১৪ বছর পর উচ্চমাধ্যমিকে ভর্তি হন। সংসার ও সন্তানের দায়িত্ব সামলে এবারের এইচএসসি পরীক্ষায় অর্জন করেছেন জিপিএ–৫।

রীতি খাতুন ক্ষেতলাল উপজেলার নসিরপুর গ্রামের আবদুল আলিম মণ্ডলের স্ত্রী। তিনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা থেকে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন। বর্তমানে তাঁর ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

বিয়ের পর পড়াশোনায় বিরতি, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ–৫ পেলেন রীতি

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১০ সালে মোলামগাড়িহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন রীতি খাতুন। পরের বছর বিয়ে হওয়ায় তাঁর পড়াশোনায় বিরতি পড়ে। সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে উচ্চমাধ্যমিকের পড়াশোনা আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবে লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল বরাবরই।

স্বামীর উৎসাহে ২০২৪ সালে ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন রীতি। সংসারের কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া তাঁর জন্য সহজ ছিল না। এ পথে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। শুনতে হয়েছে প্রতিবেশীদের উপহাসও। তবে সব বাধা উপেক্ষা করে পড়াশোনা অব্যাহত রাখেন তিনি। এ ক্ষেত্রে স্বামী, সন্তান ও শিক্ষকদের সহযোগিতা এবং উৎসাহ পেয়েছেন বলে জানিয়েছেন রীতি।

রীতি খাতুন গণমাধ্যমকে বলেন, স্বামীর সহযোগিতা ও অনুপ্রেরণা না পেলে এই বয়সে আবার পড়াশোনা শুরু করা সম্ভব হতো না। সংসারের কাজ সামলে পড়াশোনা করতে হয়েছে। ভালো ফলের পেছনে শিক্ষকদেরও অবদান রয়েছে।

স্ত্রীর পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তাঁকে নতুন করে কলেজে ভর্তি করিয়েছেন বলে জানান রীতির স্বামী আবদুল আলিম মণ্ডল। তিনি বলেন, স্ত্রীর এই ফলে পরিবারের সবাই খুব খুশি।

ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি রীতির এমন ফলাফল সত্যিই প্রশংসনীয়। তাঁর অধ্যবসায় অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও