জঙ্গল সলিমপুরে র‌্যাব ক্যাম্পে হামলা, বুলডোজারে গুঁড়িয়ে দেয়া হলো অবকাঠামো

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় গতকাল দিবাগত রাত ২টার দিকে র‌্যাবের ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। ওই সময় বুলডোজার ব্যবহার করে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেয়া হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান বাধাগ্রস্ত করতে অন্তত তিনটি স্থানে রাস্তা কেটে ফেলা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

তিনি জানান, পরিকল্পিতভাবে ইয়াসিন বাহিনীর সদস্যরা এ হামলা চালিয়েছে। ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়া হলে র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন। রাস্তা কেটে ফেলায় গাড়ি দূরে রেখে পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছান বাহিনীর সদস্যরা।

অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানায় র‌্যাব।

রাস্তা কেটে ফেলায় গাড়ি দূরে রেখে পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছান বাহিনীর সদস্যরা

গত ৯ মার্চ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এলাকাটিতে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে ছিল।

যৌথ অভিযানের পর এলাকায় পুলিশ ও র‌্যাবের জন্য দুটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয় সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে আলীনগরে র‌্যাবের ক্যাম্প নির্মাণকাজ চলছিল। গতকালের হামলায় সেই ক্যাম্পটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই অভিযানে ২২ জন গ্রেফতার হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন ও রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিনসহ কয়েকজন এখনো পলাতক রয়েছেন।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও