![]()
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সুপারস্টার থালাপতি বিজয় নাগরিকদের সুবিধার্থে বিনামূল্যে বাস পরিষেবা প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রকল্পটি সম্প্রসারণের সময় তিনি কিছুক্ষণের জন্য বাস কন্ডাক্টরের ভূমিকা পালন করেন এবং নারী যাত্রীদের হাতে বিনামূল্যের টিকিট তুলে দেন।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গান্ধী জয়ন্তীতে ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের সম্প্রসারিত সংস্করণ চালুর পর চেন্নাইয়ের একটি সরকারি বাসে বিজয়কে যাত্রীদের সঙ্গে কথা বলতে ও টিকিট বিতরণ করতে দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে কন্ডাক্টরের ভূমিকায় বিজয়ের উপস্থিতি মূল আকর্ষণ হয়ে ওঠে। যাত্রীরা তাঁদের ফোনে মুহূর্তটি ধারণ করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাসে থাকা কলেজশিক্ষার্থীরাও বিজয়ের সঙ্গে কথা বলেন এবং তাঁকে চকলেট উপহার দেন।
![]()
এর আগে রাজ্যে নারীরা মূলত মেট্রোপলিটন ও শহরাঞ্চলের সাধারণ বাসে এবং পাহাড়ি পথে ৪০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের সাধারণ বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারতেন। ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের আওতায় এখন মেট্রোপলিটন ও শহরাঞ্চলে চলাচলকারী এক্সপ্রেস, লিমিটেড স্টপ ও ডিলাক্স বাসেও বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেওয়া হচ্ছে।
এ ছাড়া ৪০ কিলোমিটারের বেশি দূরত্বের রুটে চলাচলকারী মফস্বল এলাকার সাধারণ বাস এবং পাহাড়ি পথের (ঘাট) সাধারণ বাসও প্রকল্পটির আওতায় আনা হয়েছে। তামিলনাড়ু সরকারের তথ্যমতে, রাজ্যের সাতটি পরিবহন সংস্থার মোট ১২,৬৯২টি বাসকে সম্প্রসারিত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় ৮৪.৩ লাখ নারী এ সুবিধা পাবেন।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, সাতটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মোট ১৮,৪১৩টি নির্ধারিত বাসের মধ্যে প্রায় ৬৯ শতাংশ ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের আওতাভুক্ত। রাজ্যের মোট ১,৯৪,৬৪৯টি নির্ধারিত ‘সিঙ্গেল ট্রিপ’ বা যাত্রার মধ্যে ১,৬৫,৩১২টি এই বাসগুলোর মাধ্যমে পরিচালিত হবে। অর্থাৎ মোট যাত্রার প্রায় ৮৫ শতাংশই এসব বাসে সম্পন্ন হবে।
তামিলনাড়ুর পরিবহনমন্ত্রী এ. বিজয় তামিলান পার্থিবান জানিয়েছেন, গণপরিবহন পরিষেবার সুযোগ আরও বাড়ানোই এই সম্প্রসারণের লক্ষ্য। বিশেষ করে বাড়ি থেকে দূরে কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী এবং কর্মস্থল, হাসপাতাল ও অন্যান্য জরুরি প্রয়োজনে যাতায়াতকারী নারীদের জন্য সেবা সমুন্নত রাখা হবে।
বিনামূল্যে ভ্রমণের হিসাব রাখার জন্য বাসের ইলেকট্রনিক টিকেটিং মেশিনগুলোও প্রকল্পটির সঙ্গে যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট কিছু পরিষেবায় ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী ব্যক্তিরাও বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন।
সম্প্রসারিত কর্মসূচিটি রাজ্যের বিদ্যমান বিনামূল্যের বাস পরিষেবা প্রকল্পের ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। এর আওতায় সাধারণ শহর ও মফস্বলের বাস এবং পাহাড়ি এলাকার নির্দিষ্ট কিছু পরিষেবায় নারীদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ ছিল। গত ২৪ আগস্ট তামিলনাড়ু বিধানসভায় বিজয় এ সম্প্রসারণের কথা ঘোষণা করেছিলেন।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।










