![]()
ছবিশিকারিদের দাপটে প্রায়ই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তারকাদের। অনেক সময় অনুমতি ছাড়াই অভিনেত্রীদের পেছন দিক থেকে আপত্তিকর অ্যাঙ্গেলে ছবি তোলা হয়। এবার এ ধরনের প্রবণতা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভাইজানখ্যাত বলিউড তারকা সালমান খান।
‘বিগ বস ২০’-এর মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়টি তুলে ধরেন অভিনেত্রী নেহা ধুপিয়া। নারীদের ব্যক্তিগত সুরক্ষা ও সম্মতির গুরুত্ব নিয়ে এই মঞ্চে কথা বলার জন্য সালমানকে ধন্যবাদ জানান তিনি।
![]()
সালমানের স্পষ্ট বক্তব্য, আগে সতর্ক করার পরও পাপারাজ্জিদের এই প্রবণতা কমেনি, বরং বেড়েছে। তাই এবার সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি বলিউডের কিছু তারকার ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন সালমান।
তার দাবি, কিছু অভিনয়শিল্পী নিজেদের প্রচারের জন্য অর্থ দিয়ে ছবিশিকারিদের ডেকে আনেন এবং এ ধরনের দৃশ্য ধারণ করতে বলেন। সালমান বলেন, ‘কিছু নারী ও পুরুষ পাপারাজ্জিদের ডেকে টাকা দেন এবং এ ধরনের ছবি তুলতে বলেন। তখন তারা আর কী করবে?’
তিনি বলেন, কোনো তারকা এ ধরনের ছবিতে স্বচ্ছন্দ বোধ করতেই পারেন, তবে সবাই তা পছন্দ করেন না। সালমানের কথায়, ‘যারা চান, তাদের ছবি তুলুন। কিন্তু যারা চান না, তাদের ডিস্টার্ব করবেন না।’
![]()
নেহা ধুপিয়ার উদ্দেশে সালমান আরও বলেন, তারকাদের পক্ষ থেকে আপত্তি জানানোর পরও যদি ছবিশিকারিরা একই কাজ চালিয়ে যান, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সালমান বলেন, বারবার নিষেধ করার পরও ছবিশিকারিরা ঘটনাটিকে হালকাভাবে নিচ্ছেন, এমনকি মজার বিষয় হিসেবেও দেখছেন। শুধু তা-ই নয়, বেশ কিছু বড় প্ল্যাটফর্মেও এ ধরনের ছবি প্রচার করা হচ্ছে। এসবের বিরুদ্ধে এখন থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন এই তারকা।
সূত্র: এনডিটিভি









