![]()
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরির উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ফকির সাবেক সেনা সদস্য ছিলেন। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজের কর্ণধার ছিলেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরি-উৎরাইল এলাকায় অবস্থান করছিলেন আলিফ ফকির। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি খন্দকার শাকের আহমদ খান জানান, ‘লুৎফুজ্জামানকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে তিনটি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।’
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। আলামত সংগ্রহ ও তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে, জনবহুল এলাকায় এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।









