![]()
পর্দায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের প্রবল আগ্রহের কেন্দ্রে থাকেন সলমন খান। তবে নিজের জীবন নিয়ে কোনও ছবি তৈরি হোক, তা একেবারেই চান না বলিউডের ভাইজান। এমনকি প্রেমের পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও নিজেকে যোগ্য মনে করেন না তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থাকেন সলমন খান। তবে নিজের জীবন নিয়ে কোনও ছবি তৈরি হোক, একেবারেই চান না অভিনেতা।
কর্ণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এসে এ কথা জানান সলমন। প্রেম, বিয়ে, সন্তান থেকে শুরু করে নিজের অতীত—বিভিন্ন বিষয়েই অকপট ছিলেন অভিনেতা। অনুষ্ঠানে আচমকাই হাজির হন করিশ্মা কপূর। আলোচনায় উঠে আসে সলমনের সঙ্গে তাঁর পুরনো ছবির স্মৃতিও। করিশ্মা জানতে চান, সলমনের জীবন নিয়ে ছবি তৈরি হলে কোন পরিচালককে দায়িত্ব দিতে চাইবেন তিনি? উত্তরে সলমন স্পষ্ট করে দেন, নিজের জীবনের কাহিনি নিয়ে ছবি তৈরির অনুমতি কাউকেই দেবেন না।
সলমন প্রথমে বলেন, “আমার জীবন নিয়ে হাসির ছবি তৈরি করতে চাইলে ডেভিড ধবনকে বেছে নেব। চিরাচরিত বিষাদময় প্রেমের গল্পের জন্য সঞ্জয় লীলা ভন্সালী।” এরপর আরও দু’জন পরিচালকের নাম করেন অভিনেতা। তাঁর কথায়, “একটার পর একটা সুন্দর প্রেমের গল্প বলতে হলে সূরজ বরজাতিয়া। আর আমার জীবনের নানা ঘটনা নিয়ে প্রেম ও মারপিটের ছবি তৈরি করতে হলে কবীর খান।”
![]()
তবে নিজের জীবনের কাহিনি নিয়ে জীবনীচিত্র তৈরির প্রশ্নে অনড় সলমন। তাঁর কথায়, “আমার জীবন নিয়ে কোনও জীবনীচিত্র তৈরি হবে না। আমার জীবনের গল্প আমার সঙ্গেই কবরে যাবে।”
অনুষ্ঠানের র্যাপিড ফায়ার পর্বেও উঠে আসে সলমনের প্রেমজীবনের প্রসঙ্গ। অভিনেতার জীবনের সঙ্গে মেলে, এমন কয়েকটি ছবির নাম উল্লেখ করেন করিশ্মা। ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবির প্রসঙ্গে সলমন বলেন, “এটা তো হতেই পারে না। কারণ, সবাই সবাইকে ভুলে যায়।” এরপর ‘লাকি: নো টাইম ফর লভ’ ছবির নাম উঠলে অভিনেতার মন্তব্য, “প্রেম করার জন্য সময়ের অভাব কোনও দিন ছিল না, ভবিষ্যতেও হবে না।” অতীতের সম্পর্ক নিয়ে আর কথা বাড়াতে চাননি তিনি। শেষ পর্যন্ত নিজের পছন্দের ছবি হিসেবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র নাম বলেন সলমন।
প্রেমের পরামর্শ দেওয়ার প্রসঙ্গেও স্পষ্ট উত্তর দেন অভিনেতা। করিশ্মা জানতে চান, তাঁর ভাইপো নির্বাণ, অরহান বা অয়ান সম্পর্ক নিয়ে পরামর্শ চাইতে এলে তিনি কী বলবেন। প্রশ্ন শেষ হওয়ার আগেই সলমনের জবাব, “আমার কাছে আসাটাই ভুল হবে।” এমনকি, তাদের বাবাদের কাছে যেতে বলতেও রাজি নন অভিনেতা।
‘কফি উইথ কর্ণ’-এর নবম সিজ়নের প্রথম পর্বে উপস্থিত ছিলেন সলমন। শোনা যাচ্ছে, অনুষ্ঠানের শেষ পর্বে দেখা যাবে শাহরুখ খানকে।









