![]()
নেলসন দিলীপকুমারের ‘জেলর ২’ ছবিতে ম্যাথিউর চরিত্রে ক্যামিও করেছেন মালয়ালম তারকা মোহনলাল। রজনীকান্ত অভিনীত ছবিটির প্রথম পর্বেও একই চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে দ্বিতীয় পর্বে পর্দায় মাত্র কয়েক মিনিটের জন্য উপস্থিত হয়েছেন অভিনেতা। এ বার তাঁর পোশাকশিল্পী জিশাদ শামসুদ্দীনের দাবি, ছবিতে মোহনলালের আরও বড় ভূমিকা ছিল। কিন্তু শুটিংয়ের পর তাঁর বেশ কয়েকটি দৃশ্য ছেঁটে বাদ দেওয়া হয়েছে। নির্মাতাদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জিশাদ স্পষ্ট জানিয়েছেন, ‘জেলর ৩’ তৈরি হলে তিনি আর কাজ করবেন না।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি পোস্ট করেন জিশাদ। সঙ্গে ছিল ‘জেলর ২’ ছবিতে মোহনলালের ম্যাথিউ চরিত্রের জন্য তৈরি করা একাধিক পোশাকের লুক। তিনি লেখেন, “যাঁরা আমাকে ভালবাসেন এবং সমর্থন করেন, তাঁদের সকলের সঙ্গে ‘জেলর ২’ মুক্তির পর একটি গুরুত্বপূর্ণ কথা ভাগ করে নিতে চাই! শুটিংয়ের সময় যা যা শট নেওয়া হয়েছিল, তার ভিত্তিতে আমাদের কাজ নিয়ে আমি পুরোপুরি আত্মবিশ্বাসী ছিলাম। এমনকি, প্রচার-ঝলকে যখন মাত্র দু’সেকেন্ডের জন্য দেখানো হয়েছিল, তখনও। কিন্তু ছবি মুক্তির পরে দেখা গেল, মোহনলাল স্যারের তিনটি আলাদা ‘লুক’ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এমনকি প্রচার-ঝলকে থাকা সেই দৃশ্যটিও ছেঁটে ফেলা হয়েছে।”
এর পরেই মোহনলালের দৃশ্য ছাঁটাই করার জন্য ছবির নির্মাতাদের সমালোচনা করেন পোশাকশিল্পী। তাঁর বক্তব্য, দৃশ্য বাদ পড়ায় তাঁর কাজও দর্শকের সামনে আসার সুযোগ পায়নি। জিশাদ লেখেন, “সিনেমায় কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, মোহনলাল স্যারের মতো এক জন সুপারস্টারের দৃশ্য ছেঁটে ফেলার কোনও প্রয়োজনই ছিল না। আমাদের সুপারস্টারকে এ ভাবে পর্দায় ছোট করে দেখানো হচ্ছে দেখে খারাপ লাগছে। যদি ছবির পরবর্তী পর্ব তৈরি হয়, আমি তাতে কাজ করব না। যাঁরা আমার উপর ভরসা করেছিলেন, তাঁদের সকলের কাছে আমি আন্তরিক ভাবে দুঃখিত।”
তিনি আরও লেখেন, “আমি কোনও অনুগ্রহ, মুনাফা, কোটি টাকার ক্লাব কিংবা তারকাখ্যাতির পক্ষে নই। আমি শুধু অনুরাগীদের পাশে, শিল্পের প্রতি যাঁদের ভালবাসা রয়েছে এবং মোহনলাল স্যারের পাশে দাঁড়াতে চাই। আমার এই যাত্রাপথে সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।”
জিশাদের এই পোস্টের নীচে ক্ষোভ প্রকাশ করেছেন মোহনলালের অনুরাগীরাও। এক জন লিখেছেন, “আমিও ভাবছিলাম! পর্দায় ওঁর উপস্থিতি এত কম কেন?” আর এক জনের মন্তব্য, “আমরা অনুরাগীরা খুবই হতাশ।” অন্য এক অনুরাগী লিখেছেন, “আপনার এমন একটা জিনিস রয়েছে, যা মোহনলালের সঙ্গে থাকা অনেকের নেই— মেরুদণ্ড।” এক জন পরিচালককে উদ্দেশ করে ক্ষোভ জানিয়ে লিখেছেন, “প্রিয় পরিচালক, মোহনলালকে যদি যথাযথ কোনও চরিত্র দেওয়ার ইচ্ছাই না থাকে, তা হলে মাত্র পাঁচ সেকেন্ডের দৃশ্যের জন্য তাঁকে আমন্ত্রণ জানালেন কেন?” আরও অনেকেই ছবিতে মোহনলালের উপস্থিতি কম হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেলর’ ছবিতে প্রথম ম্যাথিউর চরিত্রে দেখা যায় মোহনলালকে। রঙিন শার্ট ও সানগ্লাস পরা তাঁর চরিত্রটি এক কুখ্যাত চোরাকারবারির, যে রজনীকান্ত অভিনীত মুথুভেল পাণ্ডিয়ানের বন্ধু। দ্বিতীয় পর্বেও ফিরে এসেছে সেই চরিত্র। ছবির ক্লাইম্যাক্সে মোহনলালের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে। তবে পোশাকশিল্পীর বক্তব্য অনুযায়ী, অভিনেতার আরও বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হয়েছিল, যেগুলি শেষ পর্যন্ত ছবি থেকে বাদ দেওয়া হয়েছে।









