সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ, কঠোর নিরাপত্তা

সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ, কঠোর নিরাপত্তা
সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ, কঠোর নিরাপত্তা
মুক্তিবাণী অনলাইন ডেক্স

সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ, কঠোর নিরাপত্তা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। খবর এনডিটিভির।

এর কয়েক ঘণ্টা আগেই দিল্লি মেট্রো ও রাজধানীতে প্রবেশকারী ট্রেন চলাচলে বিধিনিষেধ আরোপ নিয়ে সরকারের কাছে প্রশ্ন তোলে ভারতের সুপ্রিম কোর্ট। শুনানিতে আদালত মন্তব্য করে, ‘মাছি মারতে কামান দাগা যায় না।’ শুক্রবার সন্ধ্যায় পুলিশ উপকমিশনারের (ডিসিপি) কার্যালয় থেকে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও ও এমটিএনএলের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, ৯ অক্টোবর রাত ১০টা থেকে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

এর আগে গত জুলাইয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ চলাকালে কয়েক দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এর ফলে আন্দোলনকারী জেন-জি তরুণদের পাশাপাশি বিক্ষোভের ভিডিও ধারণকারীদেরও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে তাৎক্ষণিকভাবে ভিডিও প্রকাশ করতে অসুবিধায় পড়তে হয়। তবে পুলিশের ভাষ্য ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ প্রয়োজনীয়।

ইন্টারনেট বন্ধের আওতায় পুরোপুরি বা আংশিকভাবে পড়বে কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান, গুরুদুয়ারা বাংলা সাহিব, বারাকাম্বা রোড, খান মার্কেট, লোধি রোড ও জাংপুরার মতো গুরুত্বপূর্ণ এলাকা।

বিক্ষোভ ঘিরে এর আগেই দিল্লি মেট্রোতে কড়াকড়ি আরোপ করা হয়। রাজীব চক, নতুন দিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটসহ মেট্রোর ৫৭টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা থেকে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

মেট্রোর পাশাপাশি দূরপাল্লার ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন ৬০টির বেশি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

তবে বিক্ষোভ মোকাবিলায় নেওয়া এসব বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের সর্বোচ্চ আদালত। শুক্রবার সকালে দিল্লি মেট্রো ও ট্রেন চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা একটি রিটের শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে সবকিছু অচল করে দেওয়া উচিত নয়। এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা যায় না বলেও মন্তব্য করে আদালত।

আদালত আরও বলে, তরুণ থেকে প্রবীণ—সব বয়সের মানুষ যাতায়াত করেন এবং সাধারণ যাত্রীদের মৌলিক সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। কোনো কিছুর ওপর সীমাবদ্ধতা আরোপ করা এবং সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও