বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেলেন সোহেল খান

বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেলেন সোহেল খান
বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেলেন সোহেল খান
মুক্তিবাণী অনলাইন ডেক্স

বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেলেন সোহেল খান

অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। সনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর গণমাধ্যমকে সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়েছিলেন এই অভিনেতা।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের প্রস্তুতিও সেরেছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে তিনি সোহেল খানকে বিছানায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ওই সদস্য অন্যদের খবর দেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু হয় সোহেল খানের। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করেন তিনি। ২০০৭ সালে প্রথম প্রচারিত এই ধারাবাহিকে তাঁর সহশিল্পী ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।

একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেছেন সোহেল খান। ছোট পর্দায় তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’। শেষের টেলিছবিটিতে তিনি বাবার ভূমিকায় অভিনয় করেন।

বড় পর্দায়ও ছিল তাঁর উপস্থিতি। হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’ ছাড়াও ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় তাঁকে দেখা গেছে চেয়ারম্যানের ভূমিকায়। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় অভিনয় করেন গ্যারেজমালিকের চরিত্রে।

ঢাকার ধামরাইয়ের রাজাপুরে সোহেল খানের গ্রামের বাড়ি। ‘জংলি’ মুক্তির পর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্‌সল শহরে একটি সিনেমা হল গড়ে তোলার ইচ্ছা ছিল তাঁর।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও