![]()
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চিরন্তন দ্বৈরথে এবার নিজের মত জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফিলিপে মেলো। ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসিকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন সাবেক এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। শুধু ব্যালন ডি’অর নয়, রোনালদোর সঙ্গে মেসির পার্থক্যও স্পষ্ট করে তুলে ধরেছেন তিনি।
মেসির ব্যালন ডি’অর পাওয়ার পক্ষে যুক্তি দিতে গিয়ে মেলো বলেন, রাফিনিয়া বার্সেলোনার হয়ে ভালো মৌসুম কাটালেও বিশ্বকাপে ব্রাজিলের হয়ে তেমন প্রভাব ফেলতে পারেননি। কিলিয়ান এমবাপ্পে প্রচুর গোল করলেও রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি। স্পেনের লামিন ইয়ামালের পারফরম্যান্সও বিশ্বকাপে মেসির পারফরম্যান্সের পর্যায়ে ছিল না। মেলোর মতে, বিশ্বকাপ ও ক্লাব ফুটবল মিলিয়ে অসাধারণ মৌসুম কাটানো মেসিই আবার ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য দাবিদার।
![]()
মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় আখ্যা দিয়ে মেলো জানান, তিনি পেলে বা জিকোকে খেলতে দেখেননি। তবে নিজের জীবনে দেখা রোনালদো ‘ও ফেনোমেনো’, রোনালদিনহো, জিনেদিন জিদান ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের মধ্যে মেসিকেই সর্বকালের সেরা মনে করেন।
মেসি ও রোনালদোর তুলনা করে মেলো বলেন, ৪১ বছর বয়সেও রোনালদোর শরীরচর্চা ও পেশাদারিত্ব তাকে মুগ্ধ করে। তবে বর্তমানে দুজনের খেলার ধরনে বড় পার্থক্য স্পষ্ট। তরুণ বয়সে রোনালদো একাই সব করতে পারতেন। এখন তিনি এমন পর্যায়ে আছেন, যখন সুযোগ তৈরির জন্য দলের ওপর নির্ভর করতে হয়। মেসির ক্ষেত্রে তা নয়। ম্যাচ কঠিন হয়ে গেলে বা আটকে গেলে তিনি নিজেই নিচে নেমে আসেন এবং সতীর্থদের দিয়ে গোল করান। এ কারণেই মেলো মেসিকে রোনালদোর চেয়ে এক ধাপ এগিয়ে এবং পূর্ণাঙ্গ ফুটবলার মনে করেন।
সূত্র: মার্কা









