![]()
মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার মৌলভীচক গ্রামের আব্দুল আজিজের ছেলে মোস্তাক আহমদ (৫৮), হারুন মিয়ার ছেলে ইসতিয়াক আহমদ (২৭) এবং একামধু গ্রামের জহির আলীর ছেলে হাছান আলী (৩০)।
![]()
গত ২৩ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৩টার দিকে রাজনগর উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নের নন্দীউড়া গ্রামে কিরীটি ভট্টাচার্য্যের বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জনের একটি ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। এ সময় ডাকাতেরা ১৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার পর ডাকাতদের শনাক্ত ও গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে রাজনগর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ৬ নভেম্বর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ইসতিয়াক আহমদ ও হাছান আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় ২৫ অক্টোবর ২০২৬ রাজনগর থানায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা নম্বর ২০ দায়ের করা হয়। মামলাটি তদন্ত করছেন রাজনগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী।
লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।










