গোপালগঞ্জের সহিংসতা থামাতে ডিসি-এসপি বদল নয়, প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের সহিংসতা থামাতে ডিসি-এসপি বদল নয়, প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত

এক যুগ আগে, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ঢাকায় ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পালনের সময় গুলশানে বালুর ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়ার পথ আটকে দিয়েছিল পুলিশ। গোপালগঞ্জ কোটায় পদোন্নতি পাওয়া ওই পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘বাড়ি কোথায়, গোপালগঞ্জ? গোপালগঞ্জের নামই বদলে যাবে।’ আওয়ামী লীগ শাসনামলে প্রশাসনের গোপালগঞ্জকরণের প্রতিবাদে তিনি এমন মন্তব্য করেছিলেন। রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন বেগম খালেদা জিয়ার সেই বক্তব্য এক যুগ পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।

রাজনৈতিক অঙ্গনে দাবি উঠেছে, দিল্লি-হাসিনার যৌথ প্রযোজনায় জাতীয় সংসদের মাত্র তিনটি আসনের ছোট্ট জেলা গোপালগঞ্জকে যেভাবে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে, তাতে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে জেলাটিকে মানচিত্র থেকে মুছে দেওয়া হোক। জেলার তিনটি সংসদীয় আসনের পাঁচটি উপজেলা, ৬৮টি ইউনিয়ন ও পৌরসভাকে পাশের ছয় জেলার সঙ্গে যুক্ত করা গেলে ওই অঞ্চলে ‘বাকশালী অরাজকতা’ বন্ধ হবে বলে মনে করছেন কেউ কেউ। এ ছাড়া আশপাশের ছয় জেলার মানুষ গোপালগঞ্জকে ‘অবরোধ ও সামাজিকভাবে বর্জন’ করার কর্মসূচি নিলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাপে পড়বে বলেও তাদের ধারণা।

ফাইল ছবি

অবশ্য গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর জানান, আওয়ামী লীগের অবরোধ, জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে গোপালগঞ্জের সাধারণ মানুষের কোনো সম্পর্ক বা সমর্থন নেই। তাঁর মতে, আওয়ামী লীগের সবাই নয়; হাতে গোনা কিছু আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে এমন তাণ্ডব চালাচ্ছেন।

গোপালগঞ্জ জেলার চারপাশে রয়েছে ছয়টি জেলা। এগুলো হলো মাদারীপুর, ফরিদপুর, নড়াইল, বরিশাল, পিরোজপুর ও বাগেরহাট। হাসিনার অনুগত তথাকথিত রাজনৈতিক সন্ত্রাসীদের তাণ্ডব ঠেকাতে এই ছয় জেলার জনগণকে কাজে লাগানো যেতে পারে। এ জন্য প্রয়োজন সুচিন্তিত রাজনৈতিক সিদ্ধান্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে গণগ্রেপ্তার ও দমন-পীড়ন চালিয়ে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তা ছাড়া সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনে এখনো আওয়ামী লীগের চেতনায় বিশ্বাসী অনেক কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তাঁদের দিয়ে গোপালগঞ্জের চলমান সংকটের সমাধান প্রায় অসম্ভব।

গোপালগঞ্জে বাড়ি, কিন্তু ঢাকায় বসবাস করেন—এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত দেশি-বিদেশি অর্থের জোরে আওয়ামী লীগের মগজধোলাই করা কট্টর কিছু স্থানীয় নেতা অবরোধ, সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ে নেতৃত্ব দিচ্ছেন। এলাকার ছোট ছোট ছেলেকে টাকা দিয়ে রাস্তায় নামিয়ে হিংসাত্মক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

স্থানীয় সাধারণ মানুষের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা গোপালগঞ্জকে দেওয়া হয়েছে বলে প্রচারণা থাকলেও জেলার সাধারণ মানুষ সেসব সুবিধা পাননি। মূলত সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীরা বিশেষ সুবিধা পেয়েছেন। রাজনৈতিক টাউটরা নানা সুযোগ-সুবিধা বাগিয়ে নিয়েছেন। কেউ চাকরিতে পদোন্নতি পেয়েছেন, কেউ জেলার নাম ব্যবহার করে ঠিকাদারি করেছেন, আবার কেউ অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন। কিন্তু গ্রামের কৃষক, ক্ষেতমজুর ও শ্রমিকরা আওয়ামী লীগ সরকারের আমলেও অন্য জেলার মানুষের মতোই বঞ্চিত ও অবহেলিত ছিলেন। ফলে চলমান আওয়ামী লীগের অবরোধে সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই বলে দাবি তাঁদের।

এ ছাড়া জেলার বেশির ভাগ মানুষের ধারণা, শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরবেন না। ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়ে রাজনৈতিক ফায়দা নিতেই তিনি গোপালগঞ্জের দলের তৃণমূল নেতাদের ব্যবহার করছেন। এতে নেতারা অর্থ উপার্জন করলেও সাধারণ কর্মীরা খাওয়া-দাওয়া ছাড়া তেমন কিছু পাচ্ছেন না।

গণমাধ্যমের পক্ষ থেকে গোপালগঞ্জের আশপাশের জেলা মাদারীপুর, ফরিদপুর, নড়াইল, বরিশাল, পিরোজপুর ও বাগেরহাটের কয়েকজনের সঙ্গে কথা বলা হয়। তাঁরা জানান, গোপালগঞ্জের মানুষকে বোঝানো হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরে আবার ক্ষমতায় যাবেন এবং ভারতের পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রী হবেন। সম্প্রতি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতের হাইকমিশনারের বৈঠকও মূলত শেখ হাসিনাকে মর্যাদা দিয়ে ফিরিয়ে আনার বিষয়েই হয়েছে বলে তাঁদের বোঝানো হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও রয়টার্সকেও শেখ হাসিনার পক্ষে প্রচারণা চালানোর কথা বলা হচ্ছে।

এসব বিষয় বুঝিয়ে টাউট-বাটপার নেতারা গোপালগঞ্জে আওয়ামী লীগের ব্যানারে অবরোধের নামে অরাজকতা চালাচ্ছেন বলে তাঁদের অভিযোগ। নির্বাচিত বিএনপি সরকারকে বিব্রত করতেই এমন সন্ত্রাসী কর্মসূচি নেওয়া হচ্ছে বলে তাঁরা মনে করেন। তাঁদের মতে, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ক্ষমতাসীনরা যদি গোপালগঞ্জের সীমানাসংলগ্ন ছয় জেলার মাধ্যমে ‘গোপালগঞ্জ অবরোধ ও বর্জন’ কর্মসূচি গ্রহণ করেন, তাহলে ওই ছয় জেলার মানুষ সক্রিয়ভাবে তাতে অংশ নেবেন। এতে গোপালগঞ্জের আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিজেরাই অবরোধের মুখে পড়বেন। কয়েক দিন অবরুদ্ধ থাকলে নিজেদের প্রয়োজনে তাঁরা সন্ত্রাসের পথ ছাড়তে বাধ্য হবেন বলে তাঁদের ধারণা।

‘গোপালগঞ্জ’ এখন টক অব দ্য কান্ট্রি। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন বার্তাকে কেন্দ্র করে অবরোধের নামে জেলার কিছু এলাকাকে ‘সন্ত্রাসের অভয়ারণ্যে’ পরিণত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ছোট্ট জেলাটিতে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

অন্যদিকে ক্ষমতাসীন বিএনপির নির্বাচিত তিন সংসদ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল-বাণিজ্য এবং অর্থের বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে সহায়তা করার অভিযোগ উঠেছে। এমনকি বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের পক্ষে অর্থের বিনিময়ে তদবির করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, অর্থের বিনিময়ে থানা-পুলিশ ও উপজেলা-জেলা প্রশাসনে ফোন করে বিএনপির সংসদ সদস্যরা আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দিচ্ছেন।

আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের সময় বিএনপির সংসদ সদস্যরা নিষ্ক্রিয় থাকছেন এবং জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত দূর থেকে পরিস্থিতি উপভোগ করছে—এমন অভিযোগও রয়েছে। এই সুযোগে ফ্যাসিস্ট হাসিনার অনুসারীরা প্রতিদিন জ্বালাও-পোড়াও চালিয়ে যাচ্ছেন এবং বিএনপির কার্যালয় পুড়িয়ে দিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কিন্তু বিদেশে পাচার করা অর্থ ব্যয় করে দিল্লিতে বসে হাসিনা ত্রাস সৃষ্টিকারীদের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। গোপালগঞ্জে চলছে রাজনৈতিক সহিংসতা।

প্রশ্ন উঠেছে, ডিসি-এসপিকে বদলি করে গোপালগঞ্জের রাজনৈতিক সহিংসতা নিরসন করা সম্ভব কি না। এই তাণ্ডব ঠেকাতে রাজনৈতিক সিদ্ধান্ত অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একদিকে জেলার উপজেলা ও ইউনিয়নগুলোকে আশপাশের ছয় জেলার সঙ্গে যুক্ত করার প্রস্তাব রয়েছে; অন্যদিকে আশপাশের জেলাগুলোর জনগণকে দিয়ে গোপালগঞ্জ অবরোধ ও সামাজিকভাবে বর্জনের কৌশল নেওয়ার কথাও বলা হচ্ছে। এখন প্রশ্ন, বিএনপি সরকার কোন পথে এগোবে?

অভিযোগ রয়েছে, গোপালগঞ্জের ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা কার্যত পরিস্থিতি দেখেও না দেখার ভান করছেন। রাজনৈতিক দৃঢ়তার অভাবে তাঁরা ত্রাস সৃষ্টিকারীদের প্রশ্রয় দিচ্ছেন। আর এই সুযোগে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপির নেতাকর্মীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে জেলার তিন সংসদ সদস্য পর্দার আড়ালে থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তা করছেন বলেও অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠেছে, বিএনপির এই তিন সংসদ সদস্য কি আওয়ামী লীগের অর্থের কাছে বিক্রি হয়ে গেছেন?

গোপালগঞ্জের অবরোধের প্রকৃত চিত্র অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, গোপালগঞ্জ শহরের পাশের ঘোষের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিনের অনুসারীরাই মূলত সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের সবাই এই জ্বালাও-পোড়াও ও অবরোধের সঙ্গে যুক্ত নন। বাইরে থেকে অর্থ আসছে এবং সেই অর্থ ব্যবহার করে সালাহউদ্দিন গোপালগঞ্জ আওয়ামী লীগের নামে অবরোধ ও ত্রাস সৃষ্টি করে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বিএনপির টিকিটে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্যা (গোপালগঞ্জ-১), ডা. কে এম বাবর (গোপালগঞ্জ-২) এবং এস এম জিলানী (গোপালগঞ্জ-৩)। তাঁরা তিনজনই বিএনপির রাজনীতি করলেও আওয়ামী লীগের নেতাদের চেয়েও বড় আওয়ামী লীগার বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। বর্তমানে তাঁরা দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং আওয়ামী লীগকে বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কাজে বেশি ব্যস্ত বলে অভিযোগ রয়েছে।

বিএনপির রাজনীতি ও দলের নেতাকর্মীদের দেখভালের পরিবর্তে অর্থের বিনিময়ে প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগের স্বার্থ রক্ষাই তাঁদের মূল এজেন্ডা বলে অভিযোগ করা হয়েছে। অর্থের বিনিময়ে তাঁরা বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফাইফরমাশ খাটছেন বলেও অভিযোগ রয়েছে। এ কারণে বিএনপির স্থানীয় নেতারা বিক্ষুব্ধ। দলের সংসদ সদস্যরা বিএনপির পরিবর্তে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত—এমন অভিযোগ বিএনপির নেতারাও প্রকাশ্যে তুলেছেন।

শুধু বিএনপির সংসদ সদস্যরাই নন, গোপালগঞ্জে জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারাও নিজেদের দলের চেয়ে আওয়ামী লীগকে বেশি গুরুত্ব দেন বলে অভিযোগ রয়েছে। তাঁরা আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগার বলে মন্তব্য করা হয়েছে। বিএনপি ও জামায়াতের নেতাদের ব্যবহার করে আওয়ামী লীগের নেতারা একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় বিএনপির সংসদ সদস্য ও জামায়াত নেতারা বর্তমানে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া থেকে বিরত রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিএনপির একজন সাবেক সংসদ সদস্য জানান, জেলার সব আওয়ামী লীগ নেতা ও কর্মী বর্তমান জ্বালাও-পোড়াও আন্দোলনে যুক্ত নন। ঘোষের চর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন নিজ ইউনিয়নের লোকজনকে রাস্তায় নামিয়ে ত্রাস সৃষ্টি করছেন। তাঁকে প্রশ্রয় দিয়েছেন বিএনপির স্থানীয় সংসদ সদস্য। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পলাতক এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে অর্থ নিয়ে বিএনপির এক নেতার দোকানের দেয়াল ভেঙে দিয়েছেন ওই সংসদ সদস্য। এ কাজে তিনি থানা-পুলিশকে ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন ওই সাবেক সংসদ সদস্য।

কার্যত শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছেন বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। ১৯৭৫ সালে বাবা-মাসহ পরিবারের সব সদস্যকে হত্যা করা হলেও বিদেশ থেকে তাঁদের মরদেহ দেখতে দেশে আসেননি শেখ হাসিনা। ভারতেই স্থায়ী হয়েছিলেন তিনি। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে ঢাকা ইডেন গার্ডেনে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের ভাঙন ঠেকাতে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়। জিয়াউর রহমানের অনুকম্পায় ওই বছরের ১৭ মে দিল্লি থেকে ঢাকায় ফেরেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের সভাপতি হিসেবে লন্ডন সফরে গিয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনীতিতে আসার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জানতে চাওয়া হলে শেখ হাসিনা বলেছিলেন, ‘আমার বাবা দেশ স্বাধীন করেছে, তাকে হত্যা করা হয়েছে। পিতা হত্যার প্রতিশোধ নিতেই রাজনীতিতে এসেছি। আমার আগামীর রাজনীতির লক্ষ্যই হবে পিতা হত্যার প্রতিশোধ।’

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা তাঁর কথা রেখেছেন। লেবাস পরিবর্তন করে মাথায় পট্টি বেঁধে ১৯৯৬ সালে ক্ষমতায় এসে মুজিব হত্যাকারীদের বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছেন। এরপর মার্কিন-ভারতের যৌথ প্রযোজনায় ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটিয়ে ২০০৮ সালের পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন তিনি। পরবর্তী ১৫ বছর ৮ মাস জাতিকে ‘ডাণ্ডা মেরে ঠান্ডা’ করেছিলেন বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দিল্লির সহায়তায় বাংলাদেশের জনগণের ওপর প্রতিশোধ নিতে শুরু করেন বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে অর্থ ব্যয় করে গোপালগঞ্জের মগজধোলাই করা কিছু লোককে ব্যবহার করে সন্ত্রাস ও বোমাবাজি করাচ্ছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর ফলে গোপালগঞ্জ জেলাকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করা হয়েছে।

মূলত এইচ এম এরশাদ ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি গোপালগঞ্জ মহকুমাকে পূর্ণাঙ্গ জেলায় উন্নীত করেন। তবে প্রাচীনকাল থেকেই বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে গোপালগঞ্জের পরিচিতি ছিল। সুলতানি ও মুঘল আমলে এ অঞ্চল স্থানীয় হিন্দু রাজাদের নিয়ন্ত্রণে ছিল। মুঘল সম্রাট বাবরের আমলে বাংলার সুলতান নুসরাত শাহের সঙ্গে যুদ্ধ হয়েছিল।

১৮০০ সালে কলকাতার জমিদার প্রীতিরাম দাস মকিমপুর পরগনা ক্রয় করেন। পরবর্তী সময়ে তাঁর পৌত্র (রানী রাসমনির নাতি) নবগোপালের নামানুসারে খাটরা এস্টেটের ‘রাজগঞ্জ’ বাজারের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ রাখা হয়।

১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্তের সময় গোপালগঞ্জের মুকসুদপুর অঞ্চল যশোর জেলার অন্তর্ভুক্ত ছিল এবং বাকি অংশ ছিল ঢাকা-জালালপুর জেলার অধীনে। পরবর্তী সময়ে ১৮০৭ ও ১৮৭৩ সালে বিভিন্ন প্রশাসনিক রদবদলের মাধ্যমে অঞ্চলটি ফরিদপুর জেলার সঙ্গে যুক্ত হয়। ১৮৭২ সালে মাদারীপুর মহকুমার অধীনে গোপালগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯০৯ সালে মাদারীপুর মহকুমা ভেঙে গোপালগঞ্জ, কোটালীপাড়া ও মুকসুদপুর থানা নিয়ে গোপালগঞ্জ মহকুমা গঠিত হয়। ১৯২১ সালে গোপালগঞ্জ শহর হিসেবে উন্নীত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২০ জানুয়ারি গোপালগঞ্জ পৌরসভা গঠিত হয়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে গোপালগঞ্জ জেলার উপজেলাগুলোকে আশপাশের জেলাগুলোর সঙ্গে যুক্ত করে মানচিত্র থেকে গোপালগঞ্জের নাম মুছে দেওয়ার আলোচনা ছড়িয়ে পড়েছে। এ নিয়ে হাজার হাজার নেটিজেন লাইক, শেয়ার ও মন্তব্য করছেন। তাঁদের বেশির ভাগই গোপালগঞ্জকে মানচিত্র থেকে মুছে দেওয়ার বক্তব্য সমর্থন করছেন। আবার কেউ কেউ আশপাশের জেলাগুলোর মানুষকে নিয়ে ‘গোপালগঞ্জ অবরোধ’ করার প্রস্তাব দিয়েছেন।

তাঁদের বক্তব্য, গোপালগঞ্জ অবরোধ করা হলে একপর্যায়ে যারা সন্ত্রাস চালাচ্ছেন, তাঁরা নিজেদের প্রয়োজনে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘আওয়ামী ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো কতগুলা ককটেল ফুটায়া মনে করতেছে সে গোপালগঞ্জ দখল করে ফালাইছে, সে ফরিদপুরের দখল নিয়া ফালাইছে আর কি। এখন এই যে ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো আছে এদেরকে মনে করায়া দিচ্ছি যে হাসিনা দেশে ফিরবে না। এতটুকু বোঝার মত কমনসেন্স এই লোকগুলোর নাই। গোপালগঞ্জ অচল করলে কি সরকারের পতন হবে? সরকার যদি গোপালগঞ্জের নাম বদলে দেয়ার সিদ্ধান্ত নেয় তবে কী হবে?’

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও